জাতিসংঘের সেবায় নিয়োজিত থাকাকালীন ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের উপদেষ্টা অভিমত
সাইটেশন : [1949] I.C.J. Rep 174
জুরিসডিকশন : আন্তর্জাতিক বিচার আদালত
অনুরোধকারী প্রতিষ্ঠান : জাতিসংঘ
ঘটনা :
১৯৪৮ সালে জাতিসংঘের মধ্যস্থতাকারী কাউন্ট ফোলকে বার্নাডট, জেরুজালেমে জাতিসংঘের পক্ষে তাঁর দায়িত্ব পালনকালে একটি ইহুদিবাদী সন্ত্রাসী গোষ্ঠীর হাতে হত্যাকাণ্ডের শিকার হন। এ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে, ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) কাছে জাতিসংঘের সাধারণ পরিষদ দুটি প্রশ্ন উত্থাপন করে।
ইস্যু :
১. জাতিসংঘের কোনো প্রতিনিধি তাঁর দায়িত্ব পালনকালে আহত হলে এবং এ ধরনের আঘাতের জন্য কোনো রাষ্ট্র দায়ী হতে পারে, সে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাঁর মাধ্যমে অধিকারপ্রাপ্ত ব্যক্তিদের এবং (ক) স্বয়ং জাতিসংঘের ক্ষতির জন্য ও (খ) ওই ব্যক্তি বা তাঁর মাধ্যমে অধিকারপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ আদায়ের উদ্দেশ্যে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক দাবি (International Claim) উত্থাপনের আইনগত সক্ষমতা কি জাতিসংঘের রয়েছে?
২. যদি প্রথম প্রশ্নের (খ) অংশের উত্তর হ্যাঁ হয়, তাহলে জাতিসংঘের এ ধরনের পদক্ষেপ বা দাবি কীভাবে ক্ষতিগ্রস্ত প্রতিনিধির নিজস্ব রাষ্ট্রের (National State) দাবির অধিকার ও স্বার্থের সঙ্গে সমন্বয় করা হবে?
সিদ্ধান্ত :
এখানে কেন্দ্রীয় বিষয় ছিল জাতিসংঘের আন্তর্জাতিক আইনগত ব্যক্তিসত্তা (International Legal Personality) রয়েছে কি না, তা নির্ধারণ করা। জাতিসংঘ সনদে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে ICJ জাতিসংঘ সনদে বর্ণিত জাতিসংঘের বৈশিষ্ট্য ও উদ্দেশ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছায় যে, জাতিসংঘকে এমন কিছু কার্যাবলি সম্পাদন এবং অধিকার ভোগ করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, যা কেবল তার আন্তর্জাতিক আইনগত ব্যক্তিসত্তা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কার্যক্রম পরিচালনার সক্ষমতা থাকার ভিত্তিতেই ব্যাখ্যা করা সম্ভব। বাস্তব ক্ষেত্রেও জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো এই ব্যক্তিসত্তাকে স্বীকৃতি ও সম্মান করে আসছে। অতএব, জাতিসংঘের আন্তর্জাতিক আইনগত ব্যক্তিসত্তা রয়েছে। ফলে, জাতিসংঘ নিজের ক্ষতির জন্য কোনো সদস্য রাষ্ট্র বা অ-সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক দাবি উত্থাপন করার সক্ষমতাও রাখে। তবে আদালত ক্ষতিপূরণের পরিমাণ নির্দিষ্ট করে দেয়নি, কারণ তা প্রতিটি ঘটনার পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে।
আদালত প্রশ্ন-১(খ)-কে অধিক জটিল বলে উল্লেখ করেন, কারণ জাতিসংঘ এবং তার প্রতিনিধির মধ্যে জাতীয়তার কোনো সম্পর্ক নেই। জাতিসংঘের প্রতিনিধিরা নিজ নিজ রাষ্ট্রের নাগরিক থাকেন, যেসব রাষ্ট্রের ইতোমধ্যে কূটনৈতিক সুরক্ষা প্রদানের ক্ষমতা রয়েছে। তবে রাষ্ট্র কর্তৃক প্রয়োগকৃত কূটনৈতিক সুরক্ষার প্রচলিত নীতি জাতিসংঘের তার প্রতিনিধিদের পক্ষে দাবি উত্থাপনের ক্ষমতার ওপর কোনো সীমাবদ্ধতা আরোপ করে না। কারণ, এই সংস্থাটি এমন কোনো নিয়ম দ্বারা আবদ্ধ নয়, যা কেবল রাষ্ট্রগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। যদি জাতিসংঘের প্রতিনিধিদের সুরক্ষার জন্য তাঁদের নিজ নিজ রাষ্ট্রের ওপর নির্ভর করতে হয়, তাহলে জাতিসংঘ সনদের ১০০ অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের স্বাধীনতা ক্ষুণ্ন হবে। প্রতিনিধিদের নিজ নিজ রাষ্ট্রের ক্ষমতা এবং রাজনৈতিক বা সামাজিক অবস্থান ভিন্ন হতে পারে, যা জাতিসংঘের সকল প্রতিনিধির জন্য সমান সুরক্ষা নিশ্চিত করে না। কোনো প্রতিনিধি রাষ্ট্রহীন (Stateless) হলে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। সুতরাং, আদালত সিদ্ধান্ত দেয় যে, জাতিসংঘ তার প্রতিনিধিদের যে কোনো ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারবে, যাতে “কার্যগত সুরক্ষা” (Functional Protection) নিশ্চিত করা যায়। যেহেতু জাতিসংঘের প্রতিনিধিদের বিপজ্জনক স্থানে কাজ করতে হয়, তাই জাতিসংঘকে তাঁদের এই নিশ্চয়তা দিতে সক্ষম হতে হবে যে, তাদের কার্যকর সুরক্ষা নিশ্চিত করার ক্ষমতা রয়েছে।
আদালত জাতিসংঘের দাবি এবং প্রতিনিধির রাষ্ট্রের দাবির মধ্যে অগ্রাধিকারের স্তর নির্ধারণ করতে অস্বীকৃতি জানায়। এর পরিবর্তে, আদালত জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২ উল্লেখ করে, যার অধীনে সদস্য রাষ্ট্রগুলোর জাতিসংঘকে সব ধরনের সহায়তা প্রদানের দায়িত্ব রয়েছে। এই বিষয়টি সমাধানের জন্য আদালত এটিকে একটি সম্ভাব্য পন্থা হিসেবে উল্লেখ করে। অপরদিকে, আদালত একটি সাধারণ কনভেনশন অনুসরণ করার অথবা ভুক্তভোগীর রাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে প্রতিটি ঘটনা অনুযায়ী পৃথক চুক্তি সম্পাদনের পরামর্শ দেয়। তবে কোনো অবস্থাতেই বিবাদী রাষ্ট্রকে একাধিকবার ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা যাবে না। যদি জাতিসংঘের প্রতিনিধির রাষ্ট্রটিই সেই রাষ্ট্র হয়, যার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাহলেও আদালতের মতে এতে কোনো পার্থক্য হয় না। কারণ, জাতিসংঘের দাবি তার প্রতিনিধির জাতীয়তার ওপর নির্ভরশীল নয়।
সংশ্লিষ্ট আইন :
- আন্তর্জাতিক বিচার আদালতের সংবিধি
- অনুছেদ : ৬৫, ৬৬
- জাতিসংঘ সনদ
- অনুছেদ : ১, ২, ১০০
- জাতিসংঘের বিশেষাধিকার ও দায়মুক্তি সংক্রান্ত কনভেনশন
- ধারা : ৩৫
অনুবাদক :
১. মো. আতিকুর রহমান
[সতর্কতা : উক্ত মামলার বাংলা সংস্করণটি মূল ইংরেজি হতে অনূদিত। অর্থগত সামঞ্জস্যতা বজায় রাখার সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছে। কোনো প্রকার অসামঞ্জস্য পরিলক্ষিত হলে, মূল ইংরেজি সংস্করণ প্রাধান্য পাবে।]
নোট : The Case Summary আইনের শিক্ষার্থীদের জন্য এবং আইনের শিক্ষার্থীদের দ্বারা তৈরি একটি প্ল্যাটফর্ম। আমরা অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ঘটনা ও রায় তুলে ধরার চেষ্টা করি। এই প্ল্যাটফর্মটি কখনোই পূর্ণাঙ্গ আইনের ধারণা প্রদান করে না, আমরা শিক্ষার্থীদের শুধু মাত্র মামলার সারাংশ নির্ভর হওয়াকে নিরুৎসাহিত করি। ধন্যবাদ