ইয়াংসটাউন শিট অ্যান্ড টিউব কোম্পানি বনাম চার্লস সয়ার (১৯৫২)

Youngstown Sheet & Tube Co. et el vs Charles Sawyer (1952)

ইয়াংসটাউন শিট অ্যান্ড টিউব কোম্পানি ও অন্যান্য বনাম চার্লস সয়ার

সাইটেশন : 343 U.S. 579

জুরিসডিকশন : মার্কিন যুক্তরাষ্ট্র

আবেদনকারী : ইয়াংসটাউন শিট অ্যান্ড টিউব কোম্পানি ও অন্যান্য
বিবাদী : চার্লস সয়ার [বাণিজ্যমন্ত্রী]

ঘটনা :

কোরিয়ান যুদ্ধ চলাকালে ইস্পাত কোম্পানি ও শ্রমিকদের মধ্যে একটি শ্রম বিরোধের সৃষ্টি হয়, যা পরবর্তীতে দেশব্যাপী ধর্মঘটের আশঙ্কা তৈরি করে। এতে প্রেসিডেন্ট Harry S. Truman গভীর উদ্বেগে পড়েন, কারণ তিনি উপলব্ধি করেন যে সম্ভাব্য ধর্মঘটের ফলে ইস্পাত উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে, অথচ সামরিক কার্যক্রম পরিচালনার জন্য ইস্পাত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরিয়ান যুদ্ধ চলাকালে বিদ্যমান Taft–Hartley Act-এ নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তিনি একটি নির্বাহী আদেশ (Executive Order) জারি করেন। এর মাধ্যমে তিনি বাণিজ্য সচিব চার্লস সয়ারকে দেশের অধিকাংশ ইস্পাত কারখানা দখল (seize) করে সেগুলোর কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। এর সিদ্ধান্তের বিরুদ্ধে ইয়াংসটাউন শিট অ্যান্ড টিউব কোম্পানি-সহ অন্যান্য ইস্পাত কোম্পানি আদালতে চ্যালেঞ্জ জানায়। তাদের দাবি ছিল যে, প্রেসিডেন্টের এ ধরনের পদক্ষেপ গ্রহণের কোনো সাংবিধানিক বা আইনগত ক্ষমতা নেই।

ইস্যু :
১. কংগ্রেসের অনুমোদন ছাড়া ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি (ইস্পাত কারখানা) অধিগ্রহণ করার সাংবিধানিক ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে কি না।
২. কংগ্রেস যখন এমন পদক্ষেপ অনুমোদন করেনি, তখন জাতীয় জরুরি অবস্থার অজুহাতে নির্বাহী ক্ষমতা (Executive Power) প্রয়োগ করা যেতে পারে কি না।

যুক্তিতর্ক :

আবেদনকারী পক্ষের যুক্তি :
ইস্পাত কোম্পানিগুলো যুক্তি দেয় যে, প্রেসিডেন্ট তাঁর সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন, কারণ ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি অধিগ্রহণের মতো আইন প্রণয়নমূলক ক্ষমতা একমাত্র কংগ্রেসের ওপর ন্যস্ত। তারা আরও দাবি করে যে, শ্রম বিরোধ নিষ্পত্তির জন্য ইতোমধ্যেই -এর অধীনে একটি আইনগত ব্যবস্থা বিদ্যমান ছিল। ফলে সেই প্রক্রিয়া অনুসরণ না করে ইস্পাত কারখানা অধিগ্রহণের নির্দেশ দিয়ে প্রেসিডেন্ট ক্ষমতার পৃথকীকরণ (Separation of Powers) নীতিকে লঙ্ঘন করেছেন।

বিবাদী পক্ষের যুক্তি:
বিবাদীপক্ষ যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুচ্ছেদ-২ উল্লেখ করে যুক্তি দেন যে, যুদ্ধের মতো জাতীয় জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ক্ষমতা রাখেন। কোরিয়ান যুদ্ধ চলাকালে সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় ইস্পাত উৎপাদন অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল; তাই ইস্পাত কারখানাগুলো অধিগ্রহণ করা সংবিধানের অনুচ্ছেদ-২ এ প্রদত্ত ক্ষমতা প্রয়োগের জন্য প্রয়োজনীয় ও বৈধ পদক্ষেপ ছিল। তারা আরও যুক্তি দেন যে, প্রেসিডেন্টের Commander-in-Chief হিসেবে দায়িত্ব ও ক্ষমতা তাঁকে এমন পরিস্থিতিতে পদক্ষেপ গ্রহণের অধিকার প্রদান করে, এমনকি এ বিষয়ে কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন না থাকলেও।

সিদ্ধান্ত :

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ৬-৩ সংখ্যাগরিষ্ঠতায় রায় দেন যে, প্রেসিডেন্টের ইস্পাত কারখানাগুলো অধিগ্রহণের পদক্ষেপ অসাংবিধানিক। আদালত মত প্রকাশ করেন যে, ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি অধিগ্রহণের মতো বিষয় আইন প্রণয়ন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত, যা কংগ্রেসের ক্ষমতার আওতাভুক্ত। আদালত আরও বলেন যে, জরুরি অবস্থার সময়েও প্রেসিডেন্টকে সংবিধান ও কংগ্রেস কর্তৃক নির্ধারিত আইনগত সীমার মধ্যেই কাজ করতে হবে।

বিচারপতি জ্যাকসন তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মতিসূচক মতামতে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা নির্ধারণের জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা বা কাঠামো প্রণয়ন করেন। তিনি বলেন, যখন রাষ্ট্রপতি কংগ্রেসের সুস্পষ্ট বা পরোক্ষ অনুমোদনের ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ করেন, তখন তাঁর ক্ষমতা সর্বোচ্চ শিখরে অবস্থান করে। যখন এ বিষয়ে কংগ্রেস নীরব থাকে, তখন সেখানে একটি ‘ধূসর এলাকা’ (zone of twilight) বা অনিশ্চয়তার সৃষ্টি হয়, যেখানে উভয় বিভাগেরই সমসাময়িক বা যৌথ কর্তৃত্ব থাকতে পারে। তবে, রাষ্ট্রপতি যখন কংগ্রেসের প্রকাশ্য বা পরোক্ষ ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেন, তখন তাঁর ক্ষমতা সর্বনিম্ন স্তরে নেমে আসে। তিনি এই মর্মে সিদ্ধান্তে উপনীত হন যে, ট্রুম্যানের পদক্ষেপটি এই তৃতীয় ধারার অন্তর্ভুক্ত ছিল, যা সাংবিধানিকভাবে বৈধ নয়।

ভিন্নমত পোষণকারী বিচারপতিগণ মনে করেন, জাতীয় জরুরি অবস্থার সময় প্রেসিডেন্টের ক্ষমতা আরও বিস্তৃত হওয়া উচিত। তাঁদের মতে, সংবিধানকে বাস্তবসম্মত ও নমনীয়ভাবে ব্যাখ্যা করা প্রয়োজন, যাতে নির্বাহী বিভাগ জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দিতে পারে। তাঁরা যুক্তি দেন যে, আলোচ্য মামলায় ইস্পাত কারখানাগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এর মাধ্যমে যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় ইস্পাত উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হতো। তাই তাঁদের দৃষ্টিতে প্রেসিডেন্টের পদক্ষেপ ছিল পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তিসংগত ও প্রয়োজনীয়।

সংশ্লিষ্ট আইনি নীতি :

ক্ষমতার পৃথকীকরণ নীতি : রাজনৈতিক প্রশ্ন মতবাদ অনুযায়ী, কিছু বিষয় আদালতের পরিবর্তে রাজনৈতিক শাখাগুলোর, ক্ষমতার পৃথকীকরণ হলো এমন একটি শাসনব্যবস্থা, যেখানে রাষ্ট্রের ক্ষমতা একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হওয়া রোধ করার জন্য সরকারের দায়িত্বসমূহকে পৃথক পৃথক শাখার মধ্যে ভাগ করা হয়। এই ব্যবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা তিনটি স্বাধীন অঙ্গের মধ্যে বিভক্ত থাকে। আইনসভা (Legislative Branch) আইন প্রণয়নের দায়িত্ব পালন করে। নির্বাহী বিভাগ (Executive Branch) আইন বাস্তবায়ন ও প্রয়োগের দায়িত্ব পালন করে। বিচার বিভাগ (Judiciary Branch) আইন ব্যাখ্যা এবং বিরোধ নিষ্পত্তির দায়িত্ব পালন করে। এই ব্যবস্থা নিশ্চিত করে যে, কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন রাষ্ট্রের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করার জন্য এটি আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের একটি মৌলিক বৈশিষ্ট্য।

সংশ্লিষ্ট আইন :

  1. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান
    • অনুচ্ছেদ: ১, ২ ও পঞ্চম সংশোধনী
  2. টাফট-হার্টলি আইন, ১৯৪৭ (যুক্তরাষ্ট্র)

অনুবাদক :
. মো. আতিকুর রহমান

নোট : The Case Summary আইনের শিক্ষার্থীদের জন্য এবং আইনের শিক্ষার্থীদের দ্বারা তৈরি একটি প্ল্যাটফর্ম। আমরা অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ঘটনা ও রায় তুলে ধরার চেষ্টা করি। এই প্ল্যাটফর্মটি কখনোই পূর্ণাঙ্গ আইনের ধারণা প্রদান করে না, আমরা শিক্ষার্থীদের শুধু মাত্র মামলার সারাংশ নির্ভর হওয়াকে নিরুৎসাহিত করি। ধন্যবাদ


Cite this Page:

OSCOLA

APA

Bluebook

Share